কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব কৃষি চর্চা উৎসাহিত করতে খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি সাবজোনের উদ্যোগে কৃষকদের হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পানছড়ি উপজেলার চৌধুরীপাড়া এলাকায় আয়োজিত এ কর্মশালায় স্থানীয় কৃষকদের জৈব সার উৎপাদনের আধুনিক পদ্ধতি সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে গবাদি পশুর গোবর, শুকনো পাতা, খড়, ফসলের অবশিষ্টাংশ ও গৃহস্থালির জৈব বর্জ্য ব্যবহার করে কম্পোস্ট সার তৈরির পদ্ধতি শেখানো হয়।
পানছড়ি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণাঙ্করের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রায় ৬৫-৭০ জন নারী-পুরুষ কৃষক অংশ নেন।
কৃষকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেরাই কম খরচে জৈব সার উৎপাদন করতে পারবেন। এতে রাসায়নিক সারের ব্যবহার কমার পাশাপাশি কৃষি উৎপাদন ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

