খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি অটোরিকশা আগুনে পুড়েছে।
আজ শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। পাশাপাশি একটি অটোরিকশাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও কাজ করেন।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, কাঠ ও টিনের কাঠামো হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। অগ্নিকাণ্ডে ৯ ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি টমটম অটোরিকশা পুড়ে গেছে।

