খাগড়াছড়ির বাবুছড়া সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, এসপিপি। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৫৪ ও ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী পিয়ুশ কুমার। এ সময় উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কোম্পানি কমান্ডার ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বিজিবি) জানিয়েছে, বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত এলাকার নিরাপত্তা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভারত সীমান্তসংলগ্ন লক্কাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ২২৭৮-এর নিকট অনুষ্ঠিত বৈঠকে সীমান্ত দিয়ে পুশইন প্রতিরোধ, স্থিতিশীলতা বজায় রাখা এবং সীমান্তে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

