খাগড়াছড়ি: সাম্প্রতিক দূর্যোগে খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি ও যন্ত্রণাথ কার্বারী পাড়ায় পৃথকভাবে এ ত্রাণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ সফলতার সঙ্গে মোকাবিলা করে আসছে। যে কোন সংকটে মানুষের পাশে থাকতে সরকারের নির্দেশনা অনুযায়ী করছে সংসদ সদস্যরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা অনুযায়ী ‘রঙধনু জাতি’ গঠনে কাজ করার আহবান জানান প্রতিমন্ত্রী মীর হেলাল।
পরে এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী মহালছড়িতে পৌঁছালে ফুলেল অভ্যর্থনা জানান নেতাকর্মীরা।
বিকেলে সার্কিট হাউস মিলনায়তনে জেলার প্রশাসনের কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধির সাথে মতবিনিময় সভা করবেন প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।

