বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম রৌনিনপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর তাৎক্ষণিক আর্থিক ও চিকিৎসা সহায়তায় এক পাহাড়ি শিশুর চোখের গুরুতর ক্ষতির আশঙ্কা থেকে রক্ষা পাওয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, স্থানীয় বাসিন্দা লাল খম লিয়ান বমের পাঁচ বছর বয়সী ছেলে দীর্ঘদিন ধরে জটিল চোখের সমস্যায় ভুগছিল। দ্রুত চিকিৎসা না করালে শিশুটির চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় সন্তানের ব্যয়বহুল চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না।
এ অবস্থায় গত ৩ জুন লাল খম লিয়ান বম চিকিৎসা সহায়তার আবেদন নিয়ে রৌনিনপাড়া আর্মি ক্যাম্পে যান। বিষয়টি জানার পর সেনাবাহিনী দ্রুত শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে। পাশাপাশি সংশ্লিষ্ট চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে।
সেনাবাহিনীর সময়োপযোগী উদ্যোগের ফলে শিশুটির চোখ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। সন্তানের চিকিৎসা নিশ্চিত হওয়ায় লাল খম লিয়ান বম বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী চিকিৎসা, শিক্ষা, ত্রাণ সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

