পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আবারও মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শিক্ষার্থীদের আত্মউন্নয়ন ও শিক্ষায় উৎসাহ প্রদানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর-২০২৫) সাজেক জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে স্কুলের প্রশাসনিক ও শিক্ষাক্রম পরিচালনা সহজ করতে একটি ল্যাপটপ প্রদান করা হয়।
বাঘাইহাট জোনের জোন কমান্ডার এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন। তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করাই সেনাবাহিনীর এই উদ্যোগের মূল লক্ষ্য।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অবহেলিত সাজেক জুনিয়র হাইস্কুলের সার্বিক উন্নয়নে বিগত কয়েক মাস ধরে বাঘাইহাট জোনের দায়িত্বপ্রাপ্ত ১৪ ই বেঙ্গল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে স্কুলটিতে নিরাপদ পানির ব্যবস্থা, গেট ও টয়লেট নির্মাণ, লাইব্রেরি, শহীদ মিনার ও শ্রেণিকক্ষ সংস্কারসহ ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগে শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মাঝে ব্যাপক সন্তোষ প্রকাশ করেন।

