পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সাজেক ইউনিয়নের ভূয়াছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এক বন্ধুত্বপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণদের মাঝে ক্রীড়া চর্চার প্রসার, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করে, সেনাবাহিনীর বাঘাইহাট জোন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান। তাঁর উপস্থিতিতে স্থানীয় দুই দলের মাঝে অনুষ্ঠিত ম্যাচটি ছিল অত্যন্ত চিত্তাকর্ষক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। উচ্ছ্বাস ও উৎসাহে ভরপুর স্থানীয় তরুণরা খেলাকে ঘিরে ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।
ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর জিল্লুর রহমান জানান, পার্বত্য অঞ্চলের তরুণদের স্বাস্থ্যকর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সেনাবাহিনীর এ ধরনের ক্রীড়া উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈক্য থেকে দূরে রেখে শান্তি- সম্প্রীতি প্রতিষ্ঠায় সেনাবাহিনী নিরবচ্ছিন্নভাবে কাজ করছে বলেও তিনি জানান।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের উৎসাহিত করে এবং এলাকার সার্বিক পরিবেশকে আরও শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী করে তোলে।
খেলা শেষে খেলোয়াড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আড্ডা, মতবিনিময় এবং ছবি তোলা হয়। সেনাবাহিনী ও স্থানীয় জনগণের এই বন্ধুত্বপূর্ণ অংশগ্রহণ পাহাড়ি অঞ্চলে ইতিবাচক পরিবর্তন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

