রাষ্ট্রচিন্তা এমন একটি ধারণা, যা কেবল রাজনৈতিক ক্ষমতা অর্জনের কৌশলে সীমাবদ্ধ নয়, বরং একটি জাতির দীর্ঘমেয়াদি অগ্রযাত্রার নকশা তৈরি করে। একটি রাষ্ট্র তখনই টেকসই হয়, যখন তার নীতিনির্ধারণে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় উন্নয়নের ধারায় এগিয়ে গেলেও রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমতা, সুশাসন এবং গণতান্ত্রিক চর্চার প্রশ্নগুলো এখনও গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে তারেক রহমানের রাষ্ট্রচিন্তা নতুন করে আলোচনার দাবি রাখে।
তারেক রহমান দীর্ঘদিন ধরে এমন একটি রাষ্ট্রব্যবস্থার কথা বলে আসছেন, যেখানে জনগণই হবে প্রকৃত ক্ষমতার উৎস। তার রাজনৈতিক বক্তব্যে বারবার প্রতিফলিত হয়েছে অংশগ্রহণমূলক গণতন্ত্রের ধারণা। যেখানে নাগরিকদের মতামত কেবল নির্বাচনের সময় নয়, বরং নীতিনির্ধারণের প্রতিটি পর্যায়ে গুরুত্ব পাবে। এই ভাবনা রাজনৈতিক সংস্কৃতিকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে পারে এবং রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা বাড়াতে সহায়তা করতে পারে।
এর নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে তারেক রহমান প্রায়ই ক্ষমতার বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়েছেন। একটি কেন্দ্রীভূত প্রশাসনিক কাঠামো দ্রুত সিদ্ধান্ত নিতে পারলেও স্থানীয় বাস্তবতা অনেক সময় উপেক্ষিত হয়। শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠলে উন্নয়নের সুফল তৃণমূল পর্যন্ত পৌঁছানো সহজ হয়, পাশাপাশি স্থানীয় নেতৃত্বের বিকাশও ঘটে। ফলে রাষ্ট্রের ভিত্তি আরও মজবুত হয়।
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও তার রাষ্ট্রচিন্তায় একটি ভারসাম্যপূর্ণ উন্নয়ন মডেলের ইঙ্গিত পাওয়া যায়। শুধু অবকাঠামো নির্মাণ বা প্রবৃদ্ধির হার বাড়ানোই যথেষ্ট নয়, উন্নয়নের প্রকৃত মান নির্ভর করে তা কতটা অন্তর্ভুক্তিমূলক। কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে একটি গতিশীল অর্থনীতি নির্মাণ সম্ভব। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা গেলে দেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বহুগুণ বাড়বে।
গণতন্ত্রের প্রশ্নে তারেক রহমানের অবস্থান আলোচনার কেন্দ্রে রয়েছে। একটি কার্যকর গণতন্ত্র কেবল নিয়মিত নির্বাচন নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা এবং দায়বদ্ধ প্রশাসনের সমন্বয়। রাজনৈতিক ভিন্নমতকে প্রতিপক্ষ হিসেবে নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রহণ করার মানসিকতা রাষ্ট্রকে পরিণত করে। এই সংস্কৃতি প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক উত্তেজনা কমে এবং নীতি-নির্ভর রাজনীতির পথ সুগম হয়।
রাষ্ট্রচিন্তার আরেকটি অপরিহার্য উপাদান হলো জাতীয় ঐক্য। বিভক্ত সমাজ কখনোই শক্তিশালী রাষ্ট্র গড়তে পারে না। মতপার্থক্য থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু তা যেন সংঘাত বা সহিংসতায় রূপ না নেয়। তারেক রহমান বহুবার সহাবস্থান ও সংলাপের রাজনীতির ওপর গুরুত্ব দিয়েছেন, যা বাস্তবায়িত হলে রাজনৈতিক মেরুকরণ কমতে পারে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।
তবে রাষ্ট্রচিন্তা শুধু বক্তব্য বা ঘোষণায় সীমাবদ্ধ থাকলে তার মূল্য কমে যায়, বাস্তবায়নই এখানে সবচেয়ে বড় পরীক্ষা। জনগণ এখন প্রতিশ্রুতির চেয়ে ফলাফল দেখতে চায়। তাই যে কোনো রাজনৈতিক দর্শনের গ্রহণযোগ্যতা নির্ভর করে তা কতটা বাস্তবসম্মত এবং মানুষের দৈনন্দিন জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। সুশাসন নিশ্চিত করা, দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি এবং নাগরিক সেবাকে সহজলভ্য করা, এসবই একটি আধুনিক রাষ্ট্রের মৌলিক শর্ত।
বাংলাদেশ আজ এমন এক সময় অতিক্রম করছে, যখন বৈশ্বিক চ্যালেঞ্জগুলো ক্রমশ জটিল হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, প্রযুক্তিগত রূপান্তর, ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা। সবকিছু মোকাবিলায় প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব। রাষ্ট্রচিন্তা যদি ভবিষ্যতমুখী না হয়, তবে উন্নয়নের গতি ধরে রাখা কঠিন হবে। এই ক্ষেত্রে উদ্ভাবন, গবেষণা এবং মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ অত্যন্ত জরুরি।
তরুণ প্রজন্ম আজ এমন একটি রাষ্ট্র প্রত্যাশা করে, যেখানে সুযোগের সমতা থাকবে এবং যোগ্যতাই হবে সাফল্যের প্রধান মানদণ্ড। তারা চায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং একটি কার্যকর প্রশাসনিক কাঠামো। রাষ্ট্র যদি তাদের সম্ভাবনা বিকাশের ক্ষেত্র তৈরি করতে পারে, তবে জনমিতিক সুবিধা দেশের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে।
‘সবার আগে বাংলাদেশ’ এই ধারণা কেবল একটি রাজনৈতিক আহ্বান নয়, এটি হওয়া উচিত একটি জাতীয় দর্শন। ব্যক্তি বা দল পরিবর্তিত হতে পারে, কিন্তু রাষ্ট্রের স্বার্থ স্থায়ী। তাই যে কোনো নেতৃত্বের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা হলো জাতীয় অগ্রাধিকারকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া। তারেক রহমানের রাষ্ট্রচিন্তা নিয়ে ভিন্নমত থাকা স্বাভাবিক, কিন্তু দেশের সামগ্রিক কল্যাণকে কেন্দ্র করে একটি সমন্বিত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এখন সময়ের দাবি।
একটি শক্তিশালী ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন দায়িত্বশীল নেতৃত্ব, সচেতন নাগরিক সমাজ এবং কার্যকর প্রতিষ্ঠান। যদি রাষ্ট্রচিন্তার কেন্দ্রে থাকে দেশ ও মানুষের কল্যাণ, তবে মতপার্থক্য সত্ত্বেও একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণ সম্ভব। কারণ শেষ পর্যন্ত দেশের স্বার্থই সর্বোচ্চ, আর সেই স্বার্থ রক্ষায় দূরদর্শী রাষ্ট্রচিন্তার কোনো বিকল্প নেই।
-এম মহাসিন মিয়া, লেখক- পার্বত্য চট্টগ্রাম।

