চেহারার সাথে ছবি মিলিয়ে নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবী এবং বিগত ১৬ বছর যাবত পর্দাশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রাখার প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন ও সমাবেশ করেছে পর্দাশীল নারীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে মানিকছড়ির খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের হাতিমুড়া বাজারে পর্দাশীল নারী সমাজের ব্যানারে এই মানববন্ধন করে কয়েকশত নারী।
মানববন্ধনে তারা বলেন, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দাশীল নারীরা বৈষম্যের শিকার হচ্ছে বারবার। গত ১৬ বছর যাবত অসংখ্য পর্দাশীল নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। পর্দাশীল নারীরা এসব হেনস্তার অবসান চান। চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবী তুলেন মানববন্ধন ও সমাবেশে।
এছাড়াও বিগত ১৬ বছর যাবত যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দাশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাঁদেরকে বিচারের আওতায় আনা, পর্দাশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসীর অধিকার অক্ষুন্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করার দাবি তুলেন তাঁরা। সকল ক্ষেত্রে পরিচয় সনাক্তে চেহারা ও ছবি মেলানোর পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা এবং পর্দাশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ায় সময় নারী সহকারী বাধ্যতামূলক রাখার দাবীও জানান তাঁরা। সমাবেশ শেষে পর্দাশীল নারীরা জেলা নির্বাচন কমিশনারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারকে এবং জেলা শিক্ষা অফিসারকে স্মারকলিপি প্রদান করে।

