পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের উদ্যোগে দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠানে সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এ বছরও শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে লংগদু জোন। এ উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) লংগদু জোন সদরের মাইনীমুখ আর্মি ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মীর মোর্শেদ নিজে উপস্থিত থেকে প্রায় ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে লংগদু জোন সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকৃত পরিবারগুলো লংগদু জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হচ্ছে।

