খাগড়াছড়ির রামগড়ে শ্যামলী পরিবহনের ধাক্কায় শান্তি পরিবহনের বাসযাত্রীর মৃত্যুর ঘটনায় পালাতে গিয়ে শ্যামলী পরিবহনের ড্রাইভারের মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় নিহত দুইব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত ১২ টার পর উপজেলার নাকাপার চাষী নগর এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনের থেমে থাকা বাসের চাকা মেরামতের সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি দ্রুতগতির বাসের খুলে থাকা টুলবক্সের ধাক্কায় ঘটনাস্থলে একজনের মৃত্যু সহ আরো দুই জন আহত হয়েছেন।
নিহতের নাম শাহ আলম (৩৬) তিনি খাগড়াছড়ি সদর শান্তি নগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন তিনি। আহতরা হলেন, জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯) তাদের দুইজনকে রাতেই রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অপরদিকে সোমবার ভোরে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজারের যাত্রী ছাউনীর সামনে মো: রব শেখ নামে আরো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রব শেখ পাবনা জেলার সুজানগর থানার ইমান আলীর ছেলে। সে শ্যামলী পরিবহনের ড্রাইভার ছিলেন। দুর্ঘটনারপর পালাতে গিয়ে স্টোক করেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, রাতে দুর্ঘটনাকবলিত শ্যামলী পরিবহন-ঢাকা মেট্রো-ব, ১৫-১১৭৮ ও শান্তি পরিবহন- ঢাকা মেট্রো-হ, ১৪-২৪২৩ নম্বরের গাড়ি দুইটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত ড্রাইভার ও হেলপারদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

