সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রথম প্রহরে উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধে আত্মত্যাগ দানকারী বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে ৩১ বার তোপধ্বনি শেষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুভসূচনা হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতার।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম, রামগড় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, উপজেলা মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহবায়ক প্রমোহ বিহারী নাথ, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন এর নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন। সকাল থেকে স্মৃতিসৌধে সরকারী বিভিন্ন দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন পুষ্পস্তবক অর্পন করেন।
পরে সকাল ৯টায় রামগড় হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম। পরে রামগড় হাইস্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং ক্রীড়ানুষ্ঠান শেষে বিজয় ভাস্কার্য প্রঙ্গনে তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।

সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধাদের সম্মানে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম, উপজেলা মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহবায়ক প্রমোহ বিহারী নাথ বক্তব্য রাখেন।

