ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনের অন্তর্ভুক্ত রামগড় উপজেলায় ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ২২ জন প্রিজাইডিং অফিসার এবং ৯৭ জন সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার অংশগ্রহণ করেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম কর্মশালায় সভাপতিত্ব করেন। কর্মশালার শুরুতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা জাবেদ কাইসার, জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মি. ওবাইন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম এবং রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুল হক নূরী।
কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান, ব্যালট ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

