খাগড়াছড়ির রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার খবরে অভিযান চালিয়ে মোঃ আরিফ নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১ টা ৩০ মিনিটের সময় রামগড় পৌরসভার ৫নং ওয়ার্ডের বৈদ্যটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম।
তিনি জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিতেই একটি চক্র রাতের আঁধারে পাহাড় কাটছিলো। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে। পাহাড় কাটার সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬খ এর বিধান লংঘনের অপরাধে উক্ত আইনের ধারা ১৫ এর ১ উপধারার অধীন টেবিলের ক্রমিক নং ৫ এ উল্লিখিত (প্রথম অপরাধের ক্ষেত্রে) মোঃ আরিফ নামের ওই ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে জরিমানা আদায় করা হয়েছে।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় রামগড় থানা পুলিশের একটি টিম, আনসার সদস্য এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

