রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে আজ শনিবার (৮ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান- ২০২৫। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুর হোসেন এবং সঞ্চালনায় ছিলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফছার রনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিসিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. সাব্বির হোসেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় সম্পাদক মুর্শিদা বেগম, প্রবীণ সংগঠক মোছা. জালেয়া, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদের সম্মানিত সদস্য হাবিব আজম, রাঙ্গামাটি জেলা ছাত্র পরিষদের সভাপতি তাজ উদ্দিনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ডা. ইসমাইল, ইব্রাহিম, মাওলানা মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফছার রনি তাঁর বক্তব্যে বলেন, “পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা কোনোভাবেই ‘সেটেলার’ নয়, বরং ঐতিহাসিক বাস্তবতায় এখানে উপজাতিরাই পরবর্তীতে বসতি স্থাপন করেছে। একটি স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রামকে পূর্ব তিমুরের মতো বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। সেনাবাহিনী প্রত্যাহারের দাবির মাধ্যমে তারা পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।”
তিনি আরও বলেন, “পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ বৈষম্য দূরীকরণ, সম্প্রীতি প্রতিষ্ঠা এবং পাহাড়ি-বাঙালি ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে বদ্ধপরিকর। আমরা চাই সহাবস্থান ও শান্তি, বৈষম্য নয়, বিভাজন নয়।”
অনুষ্ঠানে বক্তারা পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রমে সেনাবাহিনীর অবদান এবং পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে রাখার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শেষে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

