পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও মানবিক সেবার ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের অধীন মহালছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং লায়ন্স ক্লাব ও রোটারী ক্লাব-এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
৭ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ৫০০ এর অধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং ১৬০ জন রোগীকে চশমা প্রদান করা হয়। পাশাপাশি চোখের জটিল রোগীদের ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।
এর ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে গত ০৮ জুন- ২০২৬ তারিখে মহালছড়ি জোনের ব্যবস্থাপনায় তালিকাভুক্ত রোগীদের মধ্যে ১০৬ জনের একটি দলকে চট্টগ্রামের লায়ন্স আই হাসপাতাল এ প্রেরণ করা হয়। এদের মধ্যে ৮৪ জন রোগী চিকিৎসা গ্রহণ করেন, যার মধ্যে ৪৪ জন বাঙালি এবং ৪০ জন পাহাড়ি জনগোষ্ঠীর সদস্য ছিলেন। ইতোমধ্যে ৫৪ জন রোগীর ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
চিকিৎসা চলাকালীন সময়ে রোগীদের আবাসন, খাদ্য, নিরাপত্তা ও সার্বিক সহায়তা নিশ্চিত করতে সেনাসদস্যরা নিবিড়ভাবে দায়িত্ব পালন করেন। চিকিৎসা শেষে রোগীদের নিরাপদে নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়া হয়।
দুর্গম পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি জোরদার ও জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

