বার্মাছড়ি মুখ এলাকা থেকে ঝিরিপথে পাচারকৃত বিপুল পরিমাণ অবৈধ কাঠ মগকাটা এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে জব্দ করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর-২০২৫) সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে ৫৩০ পিস অবৈধ কাঠ উদ্ধার করা হয়। যার পরিমাণ আনুমানিক ১০৬০ সিএফটি। জব্দকৃত কাঠের বাজার মূল্য প্রায় ৪ লক্ষ ৭৭ হাজার টাকা।
পরবর্তীতে জব্দকৃত কাঠ সর্তা বন বিভাগ, হাটহাজারী রেঞ্জ, চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এ চোরাচালানের সঙ্গে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি ও কিছু অসাধু কাঠ ব্যবসায়ী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তা বাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সর্বদা জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

