পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বসবাসরত শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন। গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে সম্প্রতি বার্মাছড়ি মুখ ও উত্তর শুকনাছড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়।
শীত মৌসুমে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে জোনের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর ৪৫ জন নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই মানবিক উদ্যোগের মাধ্যমে শীতজনিত কষ্ট লাঘবের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর সহমর্মিতা ও আস্থার সম্পর্ক আরও দৃঢ় হয়।
শীতবস্ত্র বিতরণকালে স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করা হয় এবং তাদের খোঁজখবর নেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে সেনাবাহিনীর মানবিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখছে।

