খাগড়াছড়ির গুইমারাতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
সকালে গুইমারা শহিদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সুবিধা বঞ্চিতদের মাঝে এসব মানবিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা।
মানবিক সহায়তার মধ্যে রয়েছে সোলার প্যানেল, সেলাই মেশিন, ঢেউটিন, খেলাধুলার সামগ্রী, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, শিক্ষার্থীদের জন্য বই, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে সহায়তা, দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
এ সময় তিনি বলেন, পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি সহ পদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

