খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি সেনা জোনের উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে ধুমুনিঘাটের পঙ্খীমুড়া এলাকায় সেনা জোনের মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসা প্রদান করেন। নারী–শিশু থেকে শুরু করে প্রবীণ, সব বয়সের মানুষ এ সেবায় অংশ নেন।
এদিন মেডিকেল বিশেষজ্ঞদের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও তাৎক্ষণিক চিকিৎসা পেয়ে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন।
সুবিধাভোগীরা বলেন,“সেনাবাহিনী শুধু পাহাড়ের নিরাপত্তাই দেয় না, মানুষের দুয়ারে গিয়ে সেবা পৌঁছে দেয়। তাই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার শেষ নেই।”
প্রতি মাসে নিয়মিত এ ধরনের কমিউনিটি ক্লিনিক আয়োজনের আহ্বান জানিয়ে স্থানীয়রা আরও বলেন, সেনাবাহিনীর এ উদ্যোগ শুধু মানবিক উদাহরণই নয়,পার্বত্য অঞ্চলের সকল জনগোষ্ঠীর মাঝে শান্তি ও সহমর্মিতার সেতুবন্ধন তৈরি করে।

