দেশব্যাপী অপারেশন ডেভিল্ট হান্ট ঘোষণার পর খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে জেলার দীঘিনালা ও গুইমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— গুইমারা হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক গ্রামের বাবুল মিজির ছেলে সোহাগ মিয়া, অহিদ মিয়ার ছেলে মো. সেলিম, মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহিম ও আব্বাস আলীর ছেলে মো. আজিজুল। তারা সবাই ওই এলাকার বাসিন্দা।
তাদের মধ্যে আটক ছাত্রলীগ নেতা মো. ইমরান হোসেন দীঘিনালা উপজেলার পশ্চিম থানাপাড়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে। গত ৩ ফেব্রুয়ারী একটি মামলায় তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
পুলিশ জানায়, আটকরা ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে জড়িত। তাদের বিরুদ্ধে গুইমারা থানা ও দীঘিনালা থানায় মামলা রয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, সুনির্দিষ্ট অভিযোগে তাদের আটক করে আদালতে সোপর্দ করা হবে।

