সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মুছা। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের দায়িত্বশীল আচরণ, পথচারীদের সচেতনতা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব দিবসটির মূল প্রতিপাদ্যে বিশেষভাবে গুরুত্ব পায়।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগ ও আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব।

