খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতা ও প্রতারণা মামলার এক আসামিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৪ জানুয়ারি) রাতে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকা থেকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মো. তাজুল ইসলামের বিরুদ্ধে হামলা, ভাঙচুরসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। এর মধ্যে মাটিরাঙ্গা থানায় ৬টি এবং খাগড়াছড়ি সদর থানায় আরও ৫টি মামলার আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, শনিবার রাতে খাগড়াছড়ি সদর থানা পুলিশ পৃথক অভিযানে সদর থানাধীন দক্ষিণ গঞ্জপাড়া এলাকা থেকে ১৬ মামলার আসামি মো. ইউনুছ মিয়া (৩৮)কে আটক করে। তিনি মাটিরাঙ্গা উপজেলার বড়বিল মুসলিম পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মো. ইউনুছ মিয়ার বিরুদ্ধে প্রতারণাসহ বহু মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে সর্বশান্ত করার অভিযোগ রয়েছে। খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা এফআইআর নং-৯ সহ একাধিক মামলায় তিনি অভিযুক্ত।

