খাগড়াছড়িতে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩ হাজার ৬ শত ৫০ জন ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ- ২০২৬) জেলা সদরের টাউনহল অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহিনীর উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে জেলার ৯টি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা/দলনেত্রী, আনসার কমান্ডার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে এ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দীঘিনালা আনসার ব্যাটালিয়ন (১৭ বিএন) এর সিনিয়র পরিচালক মো. আমিন উদ্দিন, পিভিএমএস এবং খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন) এর পরিচালক মো. আমমার হোসেন, বিভিএম। সভাপতিত্ব করেন, জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান, পিপিএম।
উপহার সামগ্রীর মধ্যে ছিল, পোলাও চাল, সেমাই, গুড়া দুধ, সুজি, নুডলস, চিনি ও সয়াবিন তেল।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ ভাতাভোগী ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং দেশসেবায় অনুপ্রাণিত করবে।

