খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় বেতছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কাটার সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল- ২০২৬) রাত আনুমানিক ১২টার দিকে বাচা মেরুং এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মো. ইউসুফ আলী (৩০) কোনো বৈধ কাগজপত্র ছাড়াই একটি পাহাড়ের মাটি কাটছিলেন। তিনি দাবি করেন, আশরাফুল নামের এক ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করেছেন। তবে জমির প্রকৃত মালিকানা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে ইউসুফ আলী ও এক্সকাভেটর চালক মো. সেলিমকে আটক করে। পরে তাদের ব্যবহৃত এক্সকাভেটরসহ দীঘিনালা থানা পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

