ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যবসায়ীর নাম নুর আলম মাসুদ (৪৫)। তিনি সোনাগাজীর সততা অয়েল মিলসের মালিক ছিলেন। তার মৃত্যুতে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেলে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করছিলেন নুর আলম। সেই সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তিনি ও তার অপর এক সহকর্মী গুরুতর দগ্ধ হন।
দগ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী জেনারেল হাসপাতালে এবং অবশেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চার দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নুর আলম মাসুদ ছিলেন একজন শান্ত স্বভাবের মানুষ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যরা জানান, প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই বিপজ্জনক প্রক্রিয়া অনুসরণ করায় এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে স্থানীয় স্বেচ্ছাসেবীরা বলেন, প্রায়ই ইউটিউব দেখে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন তিনি।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

