খাগড়াছড়ির রামগড়ে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৯ হাজার ৬৫০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ৫ মিনিটের দিকে রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফেনীরকুল এলাকার নুর আহাম্মদের ছেলে মো. ফরিদ উদ্দিন (৪২) ও তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৫)।
পুলিশ জানায়, রামগড় থানার একটি দল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফেনীরকুল এলাকার একটি বসতবাড়ির শয়নকক্ষে জানালা দিয়ে ইয়াবা বিক্রি করা হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটি ঘেরাও করে তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করে।
এসময় ফরিদ উদ্দিনের পরিহিত লুঙ্গির কোচর থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ ১৯ হাজার ৬৫০ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে জাহানারা বেগমের পরিহিত পেটিকোটের কোমরের জিপার থেকে ২৩ পিস ইয়াবা এবং তাঁর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজির আলম জনান, ইয়াবা সহ গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

