চট্টগ্রামের মীরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে পরিচালিত এই অভিযানে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ ওষুধ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ ছোট ফরিংগা বিওপি’র একটি টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালতলা এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয় টহলদল।
পরবর্তীতে সকাল ৭টার দিকে ভারত থেকে কয়েকজন চোরাকারবারীকে পাঁচটি বস্তা বহন করে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে পাঁচটি বস্তার ভেতর থেকে মোট ৪৯ হাজার ১৭৮ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ২৭ হাজার ১১৪ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান রোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অবৈধ পণ্য ও মানবপাচার প্রতিরোধেও বাহিনীটি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

