খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে (১০ এপ্রিল-২০২৬) রাতে বৌদ্ধমনিপাড়া বিওপির একটি বিশেষ টহলদল কাঠালতলী যাত্রী ছাউনিতে অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত সড়ক দিয়ে যাওয়ার সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি মোটরসাইকেল এবং ৭.৬২ মি.মি. এসএমজি’র ১,৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী বিওপিতে নিয়ে যাওয়ার পথে প্রায় ১০০-১১০ জনের একটি সশস্ত্র দল টহলদলকে ঘেরাও করে। তবে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক কৌশল ও সাহসিকতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ঘটনায় অতিরিক্ত টহলদল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পিছু হটে। বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্র প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

