বান্দরবানের থানচি উপজেলার দুর্গম প্রাতাপাড়ায় বম জাতিগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সোমবার সকালে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম এবং সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মেসবাহ উদ্দিনের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে বম সোশ্যাল কাউন্সিলের নেতৃবৃন্দ, কারবারি, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় পাড়াবাসী অংশ নেন।
অনুষ্ঠানে প্রাতাপাড়ার কিয়াং ঘরের জন্য চেয়ার-টেবিল এবং শেরকর পাড়ার কিয়াং ঘরের জন্য সোলার প্যানেল ও ব্যাটারি প্রদান করা হয়। এসব সহায়তা স্থানীয়দের সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
মতবিনিময় সভায় সেনাবাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয় এবং স্থানীয়দের মতামত গ্রহণ করা হয়। অধিনায়ক বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে নিরাপত্তা ও পুনর্বাসনে কাজ করে যাবে।
অনুষ্ঠান শেষে প্রায় ১২০ জন পাড়াবাসীর অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, যা সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।

