জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় পার্বত্য চট্টগ্রামকে ঘিরে পিসিজেএসএস-এর প্রতিনিধি আগস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমার প্রদত্ত বক্তব্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল- ২০২৬ (মঙ্গলবার) আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা বক্তব্যকে “বিতর্কিত ও দেশবিরোধী” আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক ফোরামে উপস্থাপিত তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি), খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ।
প্রধান অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর হোসেন ফরাজি। এছাড়াও আহ্বায়ক কমিটির সদস্য রবিউল ইসলাম বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাকিব খান, পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সভাপতি সুমন আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে আন্তর্জাতিক পরিসরে বিভ্রান্তিকর ও একপাক্ষিক বক্তব্য প্রদান করা হলে তা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তারা ভবিষ্যতে এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

