খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গোলাবাড়ী ইউনিয়ন পরিষদে এ সহায়তা বিতরণ করা হয়। ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (CRS)-এর সহায়তায় এবং কারিতাস বাংলাদেশ ও জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।
আয়োজকরা জানান, আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতেই এ নগদ সহায়তা দেওয়া হচ্ছে। সহায়তার অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খাদ্য, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবে।
অনুষ্ঠানে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ, আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক সহায়তা দেওয়ায় জাবারাং কল্যাণ সমিতিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

