ঘূর্ণিঝড়ের প্রভাবে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ছোট মেরুং সোবহানপুর এলাকায় গত ২৮ এপ্রিল ফসলী জমির পাকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রবল বৃষ্টি ও পানির তোড়ে স্থানীয় কৃষকদের ফলের বাগান এবং প্রায় ৫০ একর জমির পাকা ধান সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায়। এতে কৃষকরা চরম বিপাকে পড়েন এবং তাদের কষ্টার্জিত ফসল হারানোর শঙ্কা দেখা দেয়।
এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা আনসার ও ভিডিপি সদস্যরা। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তাকিমুল হকের সার্বিক নির্দেশনায় ১ মে- ২০২৬ (শুক্রবার) মেরুং ইউনিয়নের হিল ভিডিপি প্লাটুন সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের পানিতে তলিয়ে যাওয়া ধান কেটে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্লাটুন সদস্যরা দিনব্যাপী পরিশ্রম করে ডুবে থাকা ধান কেটে কৃষকদের ঘরে তোলার ব্যবস্থা করেন। এতে কৃষকদের বড় ধরনের ক্ষতি থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। ঠিক সেই সময় ভিডিপি সদস্যদের এমন সহায়তা তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

এদিকে, আনসার ও ভিডিপি সদস্যদের এই মানবিক কার্যক্রম স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় সমাজের অন্যান্য সংগঠনগুলোকেও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তাকিমুল হক বলেন, “ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সে লক্ষ্যেই হিল ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে পানিতে তলিয়ে যাওয়া ধান কেটে সহায়তা করেছে। ভবিষ্যতেও আমরা যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকব।”

