পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জেলার তৃণমূল পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে এ আয়োজন করা হয়।
শনিবার (২৩ মে) সকাল ১১টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন পরিচালনা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটির সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতে এ ধরনের উদ্যোগ সদস্যদের মাঝে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলেও তারা উল্লেখ করেন।
এসময় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ৩ হাজার ৬১২ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহারের প্যাকেজে ছিল ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট নুডলস, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।
ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন আনসার ও ভিডিপি সদস্যরা। তারা জানান, এই উপহার শুধু খাদ্যসামগ্রী নয়, বরং বাহিনীর প্রতি কর্তৃপক্ষের আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। ঈদের আগে এমন আয়োজন তাদের পরিবারে বাড়তি আনন্দ এনে দিয়েছে।

