‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে সম্পাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম, উপজেলা জামায়াতে ইসলামির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনসিপি উপজেলা সমন্বয়ক হারুনুর রশিদসহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন সংরক্ষণ এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিষয়ে খামারিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। পরে জাতীয় মৎস্য সপ্তাহের অংশ হিসেবে রামগড় লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপজেলার সিআইজি ও নন-সিআইজি সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

