খাগড়াছড়ি সদর উপজেলার সিংগীনালা মগপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সিংগীনালা মগপাড়ার প্রাক্তন প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. শরিফ হোসেন (২০) মাটিরাঙ্গা উপজেলার ১ নম্বর ওয়ার্ডের রামচিরা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রাজ্জাক এবং মাতার নাম নুর জাহান বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল ভান্ডারীর বাড়িতে কর্মরত মো. শরিফ হোসেন (২০)-এর বিরুদ্ধে স্থানীয় এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে অভিযুক্ত শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করে পাশের একটি বিলে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

