টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল চতুর্থ দিনের মতো প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিট।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৬০টি বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন বলেন, সদর দপ্তরের নির্দেশনায় আজ দীঘিনালার ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৬০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে খাগড়াছড়ি সদর ও মহালছড়ি উপজেলাসহ মোট ৩০০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে। শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও বিভিন্ন স্যানিটেশন সামগ্রী বন্যাকবলিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আব্দুল মজিদ বলেন, দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই রেডক্রিসেন্টের মানবিক দায়িত্ব। বন্যাসহ সকল প্রকার দুর্যোগে খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিট মানুষের পাশে রয়েছে।
এ সময় দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন, জেলা ও উপজেলা রেডক্রিসেন্ট ইউনিট ও দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তা পেয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারগুলো বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

