খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকায় একটি জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২৪ মাইল এলাকায় কলেজের বিপরীত পাশে মূড়া পাড়ার আগে জঙ্গল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে গিয়ে একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি মহালছড়ি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, মরদেহটি কোনো পাহাড়ি নারীর। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও তদন্ত চলছে।
জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সব দিক গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পরিচয় শনাক্তের পাশাপাশি এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড সব বিষয়ই তদন্তের আওতায় রয়েছে।

