খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৮ ফুট লম্বার প্রায় ৮ কেজি ওজনের বার্মিজ প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি স্থানীয়রা বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে দীঘিনালা উপজেলার মেরুং রেঞ্জের উপ বন কর্মকর্তার কাছে অজগর সাপটি হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার পূর্ব হাচিনসনপুর এলাকার জমির পানি নামার একটি নালায় স্থানীয় এক বাসিন্দার মাছ ধরার জালে আটকা পড়ে অজগর সাপটি। অজগর দেখার খবরটি মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উৎসুক আশপাশের মানুষের ভীড় জমে। তারা সাপটিকে পিটিয়ে না মেরে রক্ষা করে বন বিভাগকে খবর দেয়।
পরে দীঘিনালা উপজেলার মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহর নেতৃত্বে বন বিভাগের কর্মীরা সেখানে পৌঁছালে অজগর সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
সাপটি উদ্ধারে এলাকাবাসীর সচেতনতার প্রশংসা করে মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ বলেন, ‘উদ্ধার হওয়া বার্মিজ অজগরটি লম্বায় প্রায় ৮ ফুট এবং ওজনে ৭ কেজি ৮০০ গ্রাম। অজগরটি বর্তমানে আমাদের হেফাজতে সুস্থ ও নিরাপদ রয়েছে। দ্রæতই বার্মিজ প্রজাতির অজগরটিকে গভীর সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’
সাপটি হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে ৩ নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, বন্যপ্রাণী ও পরিবেশ বিষয়ক সংগঠন ‘ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স’-এর সংগঠক হৃদয় বড়ুয়াসহ স্থানীয় সচেতন নাগরিক ও বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

