রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৭ জুন) ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় পাহাড়ি ও বাঙালি জনগণের অংশগ্রহণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
২৪ পদাতিক ডিভিশন ও ২০৩ পদাতিক ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে বছরব্যাপী তিন লক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। পর্যায়ক্রমে এ কার্যক্রম সাজেক ও রূপকারী ইউনিয়নেও পরিচালিত হবে।
বৃক্ষরোপণ অভিযানে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় বাঘাইহাট জোনের জোন কমান্ডার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। তিনি জানান, ভূমিধস প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

