সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানার জন্য রেশন সামগ্রী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মাণে ঢেউটিন এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১০ জুন- ২০২৬) সকালে দীঘিনালা জোনে আয়োজিত অনুষ্ঠানে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন।
অনুষ্ঠানে ছোট মেরুং বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা এবং দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানা-এর জন্য চাল, আটা, চিনি, তেল ও ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এছাড়া চিকিৎসা সহায়তা হিসেবে মো. বাচ্চু মিয়া ও ক্রিস ত্রিপুরাকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের বসতঘর পুনর্নির্মাণে অন্তনিতা চাকমা, বাকী রাম ত্রিপুরা, মোছা. জাহেরা খাতুন, গৌরিকা বালা চাকমা, ফুলেকা চাকমা এবং মার্জিনা বেগমের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
এ সময় দীঘিনালা জোনের সাব-জোন কমান্ডার মেজর তৌকির আহমেদ এবং জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী উপস্থিত ছিলেন।
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

