খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (২৩ মে) রাতে উপজেলার বাইন্যাছোলা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অরুন চাকমা ও জ্যোতিময় চাকমার যৌথ মালিকানাধীন একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানের সব মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনের জন্য সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ঢেউটিন প্রদান করা হয়। একইসঙ্গে ময়ূরখীল গ্রামের অসহায় ব্যক্তি দুলালকেও মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তারা নিয়মিতভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

