পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২১ মে- ২০২৬) বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) ও জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে খাগড়াছড়ি জোনের একটি সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।
এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাসদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা ফায়ার করে। পরে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১টি চায়না রাইফেল, ২৭৪ রাউন্ড গোলাবারুদ, ২টি এফসিসি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। একই সঙ্গে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কোনো সেনাসদস্য হতাহত হননি এবং বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম জানান, খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে এবং সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম দমনে কঠোর অবস্থানে রয়েছে।

