প্রধানমন্ত্রীর খাল খনন প্রকল্পের আওতায় দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি অংশ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার যোগ্যাছোলা অংশে মাটি কেটে, ফলক উন্মোচন ও নদীর পাড়ে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের এমপি ওয়াদুদ ভুঁইয়া। পরে যোগ্যাছোলা শহীদ মিনার চত্বরে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, স্বাধীনতা পরবর্তী এদেশের কৃষিজীবি মানুষের ভাগ্যোন্নয়নে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করেন। যার ফলে দেশে কৃষি উৎপাদন বেড়েছিল এবং এই খাল খনন কর্মসূচী বিশ্বে নজর কেড়েছিল। পিতার সেই জনবান্ধব খাল খনন কর্মসূচী আবারও চালু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই আলোকে হালদা নদীর উজানের মৃত্যপ্রায় অংশ খননে ৪৩ দিনের কর্মসূচি গ্রহণ করে সরকার। এতে করে হালদাপাড়ে চাষাবাদ বৃদ্ধির পাশাপাশি হালদা খালে মাছের উৎপাদন বাড়বে। খনন পরবর্তী হালদা রক্ষার দায়িত্ব এখন থেকে পাড়বাসীকেই নিতে হবে’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান, যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন সরকার, শ্রমিক সর্দার মো. জাহাঙ্গীর হোসেন সহ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথী, সাধারণ সম্পাদক এমএন আফসার, জেলা বিএনপি নেতা এমএ করিম, মো. এনামুল হক এনাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মীর হোসেনসহ জেলা উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকল্প সূত্রে জানা যায়, ২ কোটি ৬ লাখ ৩ হাজার টাকা ব্যয়ে ৫ কিলোমিটার সংস্কার কাজে ৪৩ দিনব্যাপি দৈনিক ৪৭৬জন অতিদরিদ্র ও কর্মহীন শ্রমিক দৈনিক ৫০০ টাকা মজুরিতে কাজ করছেন।

