খাগড়াছড়ির রামগড় উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে একটি বর্ণাঢ্য বর্ষবরণ র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু কাননে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরে রঙিন ব্যানার, বিভিন্ন সাজসজ্জায় অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেফায়েত উল্ল্যাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও র্যালিতে অংশ নেন উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই মূল লক্ষ্য। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠান রামগড়বাসীর মধ্যে নতুন বছরের আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।

