খাগড়াছড়ি পার্বত্য জেলায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আসন্ন মহাসাংগ্রাই উৎসব উপলক্ষে আর্থিক অনুদান ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল- ২০২৬) জোন সদরসহ মানিকছড়ি ও বাটনাটলি আর্মি ক্যাম্পের আওতাধীন বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।
সিন্দুকছড়ি জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে ৬টি মহাসাংগ্রাই উদযাপন কমিটির মাঝে উৎসব পালনের জন্য মোট ৪৭ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। পাশাপাশি ৪ জন দুস্থ ও অসহায় ব্যক্তির (২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ২ জন বাঙালি) মাঝে ১৫ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়।
শিক্ষার প্রসারে ১০০ জন শিক্ষার্থীর (৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ৪০ জন বাঙালি) মাঝে ৩০ হাজার টাকা মূল্যের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ২২ জনের মাঝে ৭ হাজার টাকা মূল্যের ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।
আবাসন সহায়তার অংশ হিসেবে ৩টি পরিবারের মাঝে ২২ হাজার ৫০০ টাকা মূল্যের টিন বিতরণ করা হয়। সব মিলিয়ে এদিন মোট ১ লাখ ২১ হাজার ৫০০ টাকার আর্থিক ও উপকরণ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সিন্দুকছড়ি জোন সূত্রে জানানো হয়েছে, এলাকার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

