খাগড়াছড়ি প্রতিনিধি: “পাহাড়ের কোলে শান্তির গান, পার্বত্য চট্টগ্রাম আমাদের প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের তরুণ লেখক, সৃজনশীল ও সাহিত্যমনা তরুণদের উদ্যোগে “পার্বত্য রাইটার্স এসোসিয়েশন” এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল- ২০২৬) বিকেলে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলার সদস্যরা অংশগ্রহণ করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি- এম মহাসিন মিয়া বলেন, “আমরা চাই তথ্যনির্ভর, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত চিত্র তুলে ধরতে।”
সহ-সভাপতি- মোহাম্মদ ইয়াছিন খাঁন জানান, “তরুণদের সৃজনশীল শক্তিকে একত্রিত করে একটি ইতিবাচক প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” সাধারণ সম্পাদক- আহাম্মদ রিদোয়ান বলেন, “পার্বত্য চট্টগ্রাম নিয়ে গবেষণাভিত্তিক ও যুক্তিনিষ্ঠ লেখার মাধ্যমে বিভ্রান্তি দূর করা জরুরি।”
যুগ্ম সম্পাদক নাজমুল হোসাইন শাওন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, দপ্তর সম্পাদক মো. ইয়াছিন মিয়া ও প্রচার সম্পাদক সৈকত ইসলাম সাগর সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. হুমায়ুন কবির, মো. এরশাদ আলী ও মো. আমিরুল ইসলাম সংগঠনটির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবেন বলে জানান।
সংগঠনটি সাহিত্য আড্ডা, কর্মশালা, পাঠচক্র, গবেষণামূলক আলোচনা এবং সংকলন প্রকাশের পরিকল্পনা নিয়েছে। উদ্যোক্তাদের আশা, এই উদ্যোগ পার্বত্য চট্টগ্রামে সুস্থ, দায়িত্বশীল ও গঠনমূলক সাহিত্যচর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

