পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় প্রায় ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ- ২০২৬) গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার অসচ্ছল পরিবারগুলোর মাঝে এসব খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, তেল, ছোলা, মুড়ি, সেমাই ও খেজুরসহ প্রয়োজনীয় নিত্যপণ্য। লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।
এসময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বের অংশ। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তিনি সকলকে আগাম শুভেচ্ছাও জানান।
এ উদ্যোগে স্থানীয়রা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রমকে প্রশংসনীয় বলে অভিহিত করেন।

