আল আমিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জিয়ানগর গ্রামের অসহায় দিনমজুর মো. সিরাজুল ইসলামের পাশে দাঁড়িয়েছে এলাকার যুবসমাজ। স্থানীয়দের সহযোগিতায় তার জন্য নির্মাণ করা হয়েছে একটি টিনসেড ঘর।
সিরাজুল ইসলাম সীমিত আয়ের কারণে কষ্ট করে একটি মাটির ঘর তৈরি করেছিলেন। তবে ভালো মাটি ও পর্যাপ্ত পানির অভাবে গত ৮ ফেব্রুয়ারি রাতে হঠাৎ ঘরটি ধসে পড়ে। এতে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বিপাকে পড়ে তার পরিবার।
ঘটনাটি জানার পর স্থানীয় যুবক মো. নূর ইসলামের উদ্যোগে এলাকার যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে সহযোগিতা সংগ্রহ করা হয়। সবার সহায়তায় অল্প সময়ের মধ্যেই নির্মাণ করা হয় একটি নতুন টিনসেড ঘর।
সোমবার (৯ মার্চ) ঘরটি আনুষ্ঠানিকভাবে সিরাজুল ইসলাম দম্পতির হাতে তুলে দেওয়া হয়। এ সময় নতুন ঘর পেয়ে তাদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
উদ্যোক্তা নূর ইসলাম বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।

