দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তি গড়ে তুলতে খাগড়াছড়িতে তিন মাস মেয়াদি ‘ড্রাইভিং উইথ অটো মেকানিক্স’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে পরিচালিত ‘নিয়মিত কোর্স’ এবং ‘দেশ-বিদেশে কর্মস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর জোনের জোন কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর মো. আশরাফুল কবির, পিএসসি। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আরিফুর রহমান সোহেল। এ সময় প্রশিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শুধু গাড়ি চালানোর দক্ষতা নয়, অটো মেকানিক্স বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কর্মদক্ষতা বাড়ানোই এ কোর্সের অন্যতম লক্ষ্য। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলায় এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

